হাদিস নং- ০২০১

আনাস (র) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সা) এক সা’ (৪মুদ) থেকে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন এবং উযূ করতেন এক মুদ দিয়ে।

হাদিস নং- ০২০২

সা’দ ইবনে আবূ ওয়াককাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) তাঁর উভয় মোজার ওপর মসেহ করেছেন। ‘আবদুল্লাহ্ ইব্ন ‘উমর (রা)-কে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ হাঁ! সা’দ (রা) -রাসূলুল্লাহ (সা) থেকে কিছু বর্ণনা করলে সে ব্যাপারে আর অন্যকে জিজ্ঞাসা করো না।’

হাদিস নং- ০২০৩

মুগীরা ইবনে শু’বা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ (সা) প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেলে মুগীরা (রা) পানি সহ একটি পাত্র নিয়ে তাঁর অনুসরণ করলেন। তারপর রাসূলুল্লাহ (সা) প্রাকৃতিক প্রয়োজন শেষ করে এলে মুগীরা (রা) তাঁকে পানি ঢেলে দিলেন। আর তিনি উযূ করলেন এবং উভয় মোজার উপর মসেহ করলেন।

হাদিস নং- ০২০৪

উমায়্যা যামরী (রা) থেকে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ (সা) কে উভয় মোজার ওপর মসেহ করতে দেখেছেন। হাব্ব ও আবান (র) ইয়াহ্ইয়া (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

হাদিস নং- ০২০৫

উমায়্যা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ ‘আমি রাসূলুল্লাহ (সা)কে তাঁর পাগড়ীর ওপর এবং উভয় মোজার ওপর মসেহ করতে দেখেছি।’ মা’মার (র) আমর (র) থেকে অনুরূপ বর্ণনা করেনঃ “আমি রাসূলুল্লাহ (সা) কে তা করতে দেখেছি।”

Make a Free Website with Yola.