হাদিস নং – ০২৪৬
আয়িশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সা) যখন জানাবাতের গোসল করতেন, তখন প্রথমে তাঁর হাত দু’টো ধুয়ে নিতেন। তারপর সালাতের উযূর মত উযূ করতেন। তারপর তাঁর আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন। তারপর তাঁর উভয় হাতের তিন আঁজলা পানি মাথায় ঢালতেন। তারপর তাঁর সারা দেহের উপর পানি পৌঁছিয়ে দিতেন।
হাদিস নং – ০২৪৭
মায়মুনা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সা) সালাতের উযূর ন্যায় উযূ করলেন, অবশ্য পা দুটো ছাড়া এবং তাঁর লজ্জাস্থান ও যে যে স্থানে নাপাক লেগেছে তা ধুয়ে নিলেন। তারপর নিজের উপর পানি ঢেলে দেন। তারপর সেখান থেকে সরে গিয়ে পা দুটো ধুয়ে নেন। এই ছিল তাঁর জানাবাতের গোসল।
হাদিস নং – ০২৪৮
আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি ও রাসূলুল্লাহ্ (সা) একই পাত্রে (কাদাহ) থেকে (পানি নিয়ে) গোসল করতাম। সেই পাত্রকে ফারাক বলা হতো।
হাদিস নং – ০২৪৯
আবূ সালামা (র) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি ও ‘আয়িশা (রা)-এর ভাই ‘আয়িশা (রা)-এর নিকট গেলাম। তাঁর ভাই তাঁকে রাসূলুল্লাহ্ (সা) এর গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি প্রায় এক সা’ (তিন কেজির চেয়ে কিছু পরিমাণ বেশি)-এর সমপরিমান এক পাত্র আনালেন। তারপর তিনি গোসল করলেন এবং নিজের মাথার উপর পানি ঢাললেন। তখন আমাদের ও তাঁর মাঝে পর্দা ছিল। আবূ ‘আবদুল্লাহ্ [বুখারী (রা)] বলেন যে, ইয়াযীদ ইব্ন হারূন (র), বাহয ও জুদ্দী (র) শু’বা (র) থেকে ------ এর পরিবর্তে ------ (এক সা’ পরিমাণ)-এর কথা বর্ণনা করেন।
হাদিস নং – ০২৫০
আবূ জা’ফর (র) থেকে বর্ণনা করেন যে, তিনি ও তাঁর পিতা জাবির ইব্ন ‘আবদুল্লাহ্ (রা)-এর কাছে ছিলেন। সেখানে আরো কিছু লোক ছিলেন। তাঁরা তাঁকে গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, এক সা’ তোমার জন্য যথেষ্ট। তখন এক ব্যক্তি বলে উঠলঃ আমার জন্য তা যথেষ্ট নয়। জাবির (রা) বললেনঃ যাঁর মাথায় তোমার চাইতে বেশি চুল ছিল এবং তোমার চাইতে যিনি উত্তম ছিলেন (রাসূলুল্লাহ্ (সা) তাঁর জন্য তো এ পরিমাণই যেথেষ্ট ছিল। তারপর তিনি এক কাপড়ে আমাদের ইমামতি করেন।
হাদিস নং – ০২৫১
এবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সা) ও মায়মূনা (রা) একই পাত্রের পানি দ্বারা গোসল করতেন।
হাদিস নং – ০২৫২
জুবায়র ইবনে মুত’ইম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ আমি মাথায় তিনবার পানি ঢেলে থাকি। এই বলে তিনি উভয় হাতের দ্বারা ইশারা করেন।
হাদিস নং – ০২৫৩
জাবির ইবনে ‘আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ্ (সা) নিজের মাথায় তিনবার পানি ঢালতেন।
হাদিস নং – ০২৫৪
আবূ জা’ফর (র) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমাকে জাবির (রা) বলেছেন, আমার কাছে তোমার চাচাত ভাই অর্থাৎ হাসান ইব্ন মুহাম্মদ ইব্ন হানাফিয়্যা এসেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, জানাবাতের গোসল কিভাবে করতে হয়? আমি বললাম, রাসূলুল্লাহ্ (সা) তিন আঁজলা পানি নিতেন এবং নিজের মাথার উপর ঢেলে দিতেন। তারপর নিজের সারা দেহে পানি পৌঁছিয়ে দিতেন। তখন হাসান আমাকে বললেন, আমার মাথার চুল খুব বেশি। আমি তাঁকে বললাম, রাসূলুল্লাহ্ (সা) এর চুল তোমার চেয়ে অধিক ছিল।