হাদিস নং- ০১৪৫

ইবন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ (সা) শৌচাগারে গেলেন, তখন আমি তাঁর জন্য উযূর পানি রাখলাম। তিনি জিজ্ঞাসা করলেনঃ ‘এটা কে রেখেছে?’ তাঁকে জানানো হলে তিনি খুশি হয়ে বলেন, ‘ইয়া আল্লাহ! আপনি তাকে দীনের জ্ঞান দান করুন।

হাদিস নং- ০১৪৬

আবূ আইয়ূব আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, তোমাদের কেউ যখন শৌচাগারে যায়, তখন সে যেন কিবলার দিকে মুখ না করে এবং তার পিঠও না করে, বরং তোমরা পূর্ব দিক এবং পশ্চিম দিকে ফিরে বসবে (এই নির্দেশ মদীনার বাসিন্দাদের জন্য)।

হাদিস নং- ০১৪৭

আবদুল্লাহ ইবন ‘উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘লোকে বলে মল-মূত্র ত্যাগের সময় কিবলার দিকে এবং বায়তুল মুকাদ্দাসের দেকে মুখ করে বসবে না।

আবদুল্লাহ ইবন ‘উমর (রা) বলেন, ‘আমি এক দিন আমাদের ঘরের ছাদের উপর উঠলাম। তারপর রাসূলুল্লাহ (সা) কে দেখলাম বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে দুই ইটের উপর তাঁর প্রয়োজনে বসেছেন। তিনি [ওয়াসি (র)- কে] বললেন, তুমি বোধ হয় তাদের মধ্যে শামিল, যারা নিতম্বের ওপর ভর করে সালাত আদায় করে। আমি বললাম, ‘আল্লাহর কসম! আমি জানি না।’ মালিক (র) বলেন, (নিতম্বের উপর ভর করার অর্থ হল) যারা সালাত আদায় করে এবং মাটি থেকে নিতম্ব না তুলে সিজদা করে।

হাদিস নং- ০১৪৮

আয়িশা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) – এর পত্নীগণ রাতের বেলায় প্রাকৃতিক প্রয়োজনে খোলা ময়দানে যেতেন।

আর ‘উমর (রা) রাসূলুল্লাহ (সা) – কে বলতেন, ‘আপনার সহধর্মিণীগণকে পর্দায় রাখুন।’ কিন্তু রাসূলুল্লাহ (সা) তা করেন নি। এক রাতে ঈশার সময় নবী- এর পত্নী সাওদা বিনত যাম‘আ (রা) প্রাকৃতিক প্রয়োজনে বের হলেন। তিনি ছিলেন দীর্ঘকায়া। ‘উমর (রা) তাঁকে ডেকে বললেন, ‘হে সাওদা! আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি।’ পর্দার হুকুম নাযিল হওয়ার আগ্রহে তিনি এ কথা বলেছিলেন। তারপর আল্লাহ তা‘আলা পর্দার হুকুম নাযিল করেন।

হাদিস নং- ০১৪৯

আয়িশা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেন, ‘তোমাদের প্রয়োজনের জন্য বের হবার অনুমতি দেয়া হয়েছে।’ হিশাম (র) বলেন, অর্থ প্রাকৃতিক প্রয়োজনে।

হাদিস নং- ০১৫০

আবদুল্লাহ ইবন ‘উমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেন, ‘আমি আমার বিশেষ এক প্রয়োজনে হাফসা (রা) – এর ঘরের ছাদে উঠলাম। তখন দেখলাম, রাসূলুল্লাহ (সা) কিবলার দিকে পিঠ দিয়ে শাম-এর দিকে মুখ করে তাঁর প্রয়োজনে বসেছেন।’

হাদিস নং- ০১৫১

আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ ‘একদিন আমি আমাদের ঘরের উপর উঠলাম। আমি দেখলাম, রাসূলুল্লাহ (সা) দু ইটের উপর বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে প্রাকৃতিক প্রয়োজনে বসেছেন।

Make a Free Website with Yola.