হাদিস নং – ০২৭৬
আবু মোররা (রাঃ) স্বীয় মনিব হযরত ঊম্মে হানী বিনত আবূ তালিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ্ (সা) এর কাছে গিয়ে তাঁকে গোসলরত অবস্থায় দেখলাম, ফাতিমা (রা) তাঁকে পর্দা করে রেখেছিলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেনঃ ইনি কে? আমি বললামঃ আমি উম্মে হানী।
হাদিস নং – ০২৭৭
মায়মূনা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (সা) এর পর্দা করেছিলাম আর তিনি জানাবাতের গোসল করছিলেন। তিনি দু’হাত ধুইলেন। তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থান এবং যেখানে কিছু লেগেছিল তা ধুয়ে ফেললেন। তারপর মাটিতে বা দেওয়ালে হাত ঘষলেন এবং দু’পা ছাড়া সালাতের উযূর মতই উযূ করলেন। তারপর তাঁর সমস্ত শরীরে পানি পৌঁছালেন। তারপর একটু সরে গিয়ে দু’পা ধুইলেন। আবূ আওয়ানা (র) ও ইব্ন ফুযাইল (র) ----(পর্দা করা)-এর ব্যাপারটি এই হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
হাদিস নং – ০২৭৮
উম্মুল মু’মিনীন উম্মে সালামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আবূ তালহা (রা)-র স্ত্রী উম্মে সুলায়ম (রা) রাসূলুল্লাহ্ (সা) এর খিদমতে এসে বললেনঃ ইয়া রাসূলুল্লাহ্! আল্লাহ্ তা’আলা হকের ব্যাপারে লজ্জা করেন না। স্ত্রীলোকের ইহ্তিলাম (স্বপ্নদোষ) হলে কি গোসল ফরয হবে? রাসূলুল্লাহ্ (সা) বললেনঃ হ্যঁ।, যদি তারা বীর্য দেখে।
হাদিস নং – ০২৭৯
আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ তাঁর সঙ্গে মদীনার কোন এক পথে রাসূলুল্লাহ্ (সা) এর দেখা হল। আবূ হুরায়রা (রা) তখন জানাবাতের অবস্থায় ছিলেন। তিনি বলেন, আমি নিজেকে নাপাক মনে করে সরে পড়লাম। পরে আবূ হুরায়রা (রা) গোসল করে এলেন। পুনরায় সাক্ষাৎ হলে রাসূলুল্লাহ্ (সা) জিজ্ঞাসা করলেনঃ আবূ হুরায়রা! কোথায় ছিলে? আবূ হুরায়রা (রা) বললেন, আমি জানাবাতের অবস্থায় আপনার সঙ্গে বসা সমীচীন মনে করিনি। তিনি বললেনঃ সুবাহানাল্লাহ্! মু’মিন নাপাক হয় না।
হাদিস নং – ০২৮০
আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সা) একই রাতে পর্যায়ক্রমে তাঁর স্ত্রীদের সঙ্গে মিলিত হতেন। তখন তাঁর নয়জন স্ত্রী ছিলেন।