হাদিস নং – ০২৮১
আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমার সঙ্গে রাসূলুল্লাহ্ (সা) এর সাক্ষাৎ হলো, তখন আমি জুনুবী ছিলাম। তিনি আমার হাত ধরলেন, আমি তাঁর সঙ্গে চললাম। এক স্থানে তিনি বসে পড়লেন। তখন আমি সরে পড়ে বাসস্থানে এসে গোসল করলাম। আবার তাঁর কাছে গিয়ে তাঁকে বসা অবস্থায় পেলাম। তিনি জিজ্ঞাসা করলেনঃ আবূ হুরায়রা! কোথায় ছিলে? আমি তাঁকে (ঘটনা) বললাম। তখন তিনি বললেনঃ সুবহানাল্লাহ্! মু’মিন অপবিত্র হয় না।
হাদিস নং – ০২৮২
আবূ সালামা (র) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি ‘আয়িশা (রা)-কে জিজ্ঞাসা করলামঃ রাসূলুল্লাহ্ (সা) কি জানাবাতের অবস্থায় ঘুমাতেন? তিনি বললেনঃ হ্যাঁ, তবে তিনি উযূ করে নিতেন।
হাদিস নং – ০২৮৩
উমর ইব্নু’ল খাত্তাব (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ্ (সা)কে জিজ্ঞাসা করলেনঃ আমাদের কেউ জানাবাতের অবস্থায় ঘুমাতে পারবে কি? তিনি বললেনঃ হাঁ, উযূ করে নিলে জানাবাতের অবস্থায়ও ঘুমাতে পারে।
হাদিস নং – ০২৮৪
আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সা) যখন জানাবাতের অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন তখন তিনি লজ্জাস্থান ধুয়ে সালাতের উযূর মত উযূ করতেন।
হাদিস নং – ০২৮৫
আবদুল্লাহ্ ইব্ন ‘উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ ‘উমর (রা) রাসূলুল্লাহ্ (সা)কে জিজ্ঞাসা করলেনঃ আমাদের কেউ জুনুবী অবস্থায় ঘুমাতে পারবে কি? তিনি বললেনঃ হাঁ, যদি উযূ করে নেয়।
হাদিস নং – ০২৮৬
আবদুল্লাহ্ ইবনে উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ উমর ইব্নুল খাত্তাব (রা) রাসূলুল্লাহ্ (সা)কে বললেন, রাত্রে কোন সময় তাঁর জানাবাতের গোসল ফরয হয় (তখন কি করতে হবে?) রাসূলুল্লাহ্ (সা) তাঁকে বললেন, উযূ করবে, লজ্জাস্থান ধুয়ে নিবে, তারপর ঘুমাবে।
হাদিস নং – ০২৮৭
আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ কেউ স্ত্রীর চার শাখার মাঝে বসে তার সাথে সঙ্গত হলে, গোসল ওয়াজিব হয়ে যায়। ‘আমর (র) শু’বার সূত্রে এই হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। আর মূসা (র) হাসান [বসরী (র)] সূত্রেও অনুরূপ বলেছেন।
আবূ ‘আবদুল্লাহ্ (র) বলেনঃ এটা উত্তম ও অধিকতর মজবুত। মতভেদের করনে আমরা অন্য হাদীসটিও বর্ণনা করেছি, গোসল করাই অধিকতর সাবধানতা।"
হাদিস নং – ০২৮৮
যায়দ ইবনে খালিদ আল-জুহানী (র) থেকে বর্ণিত, তিনি উসমান ইব্ন ‘আফফান (রা)-কে জিজ্ঞাসা করলেনঃ স্বামী-স্ত্রী সংগত হলে যদি মনি বের হয় (তখন কি করবে)? উসমান (রা) বললেনঃ সালাতের উযূর মত উযূ করবে এবং লজ্জাস্থান ধুয়ে ফেলবে। ‘উসমান (রা) বলেনঃ আমি এটা রাসূলুল্লাহ্ (সা) থেকে শুনেছি। এরপর ‘আলী ইব্ন আবূ তালিব, যুবায়র ইব্নুল-আওওয়াম, তালহা ইব্ন ‘উবায়দুল্লাহ্ ও উবাই ইব্ন কা’ব (রা)-কে জিজ্ঞাসা করেছিলাম। তাঁরা সবাই ঐ একই জবাব দিয়েছেন। আবূ সালামা (র) আবূ আয়্যূব (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি [আবূ আবয়্যূব (রা)] এ কথা রাসূলুল্লাহ্ (সা) থেকে শুনেছেন।
হাদিস নং – ০২৮৯
উবাই ইব্ন কা’ব (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ্ (সা)কে জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসূলুল্লাহ্! স্ত্রীর সাথে সঙ্গত হলে যদি বীর্য বের না হয় (তার হুকুম কি)? তিনি বললেনঃ স্ত্রীর থেকে যা লেগেছে তা ধুয়ে উযূ করবে ও সালাত দায় করবে।
আবূদুল্লাহ্ [বুখারী (র)] বলেনঃ গোসল করাই শ্রেয়। আর তা-ই সর্বশেষ হুকুম। আমি এই শেষের হাদীসটি বর্ণনা করেছি মতভেদ থাকার কারনে। কিন্তু পানি (গোসল) অধিক পবিত্রকারী।