হাদিস নং- ০২২৪
হুযায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কওমের আবর্জনা ফেলার স্থানে এলেন। তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন। তারপর পানি চাইলেন। আমি তাঁকে পানি নিয়ে দিলাম। তিনি উযূ করলেন।
হাদিস নং- ০২২৫
হুযায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমার স্মরণ আছে যে, একবার আমিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাথে চলছিলাম। তিনি দেয়ালের পেছনে মহল্লার একটি আবর্জনা ফেলার জায়গায় এলেন। তারপর তোমাদের কেউ যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়িয়ে তিনি পেশাব করলেন। এ সময় আমি তাঁর কাছ থেকে সরে যাচ্ছিলাম কিন্তু তিনি আমাকে ইশারা করলেন। আমি এসে তাঁর পেশাব করা শেষ না হওয়া পর্যন্ত তাঁর পিছনে দাঁড়িয়ে থাকলাম।
হাদিস নং- ০২২৬
আবূ ওয়াইল (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আবূ মূসা (রা) পেশাবের ব্যাপারে খুব কড়াকড়ি করতেন এবং বলতেনঃ বনী ইসরাঈলের কারো কাপড়ে (পশাব) লাগলে তা কেটে ফেলত। হুযায়ফা (রা) বললেন, আবূ মূসা (রা) যদি এ থেকে বিরত থাকতেন (তবে ভাল হত)। রাসূলুল্লাহ্ (সা) মহল্লার আবর্জনা ফেলার স্থানে দাঁড়িয়ে পেশাব করেছেন।