হাদিস নং- ০১৬৬

মুহাম্মদ বিন যিয়াদ (র) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আবূ হুরায়রা (রা) আমাদের কাছ দিয়ে যাচ্ছিলেন। লোকেরা সে সময় পাত্র থেকে উযূ করছিল। তখন তাঁকে বলতে শুনেছি, তোমারা উত্তমরূপে উযূ কর। কারন আবুল কাসিম বলেছেনঃ পায়ের গোড়ালীগুলোর জন্য জাহান্নামের শাস্তি রয়েছে।

হাদিস নং- ০১৬৭

উবায়দ বিন জুরায়জ (র) থেকে বর্ণিতঃ তিনি ‘আবদুল্লাহ ইবন ‘উমর (রা)- কে বললেন, ‘হে আবূ ‘আবদুর রহমান! আমি আপনাকে এমন চারটি কাজ করতে দেখি, যা আপনার অন্য কোন সঙ্গীকে করতে দেখিনা।’ তিনি বললেন, ‘ইবন জুরায়জ, সেগুলো কি?’ তিনি বললেন, আমি দেখি, (১) আপনি তাওয়াফ করার সময় রুকনে ইয়ামানী দুটি ব্যতীত অন্য রুকন স্পর্শ করেন না। (২) আপনি ‘সিবতী’ (পশমবিহীন) চপ্পল পরিধান করেন; (৩) আপনি (কাপড়ে) হলুদ রং ব্যবহার করেন এবং (৪) আপনি যখন মক্কায় থাকেন লোকে চাঁদ দেখে ইহরাম বাঁধে; কিন্তু আপনি তারবিয়ার দিন (৮ ই যিলহজ্জ) না এলে ইহরাম বাঁধেন না। ‘আবদুল্লাহ (রা) বললেনঃ রুকনের কথা যা বলেছ, তা এজন্য করি যে আমি রাসূলুল্লাহ (সা) কে ইয়ামানী রুকনদ্বয় ছাড়া আর কোনটি স্পর্শ করতে দেখিনি।

আর ‘সিবতী’ চপ্পল, আমি রাসূলুল্লাহ (সা) কে পশমবিহীন চপ্পল পরতে এবং তা পরিহিত অবস্থায় উযূ করতে দেখেছি, তাই আমি তা করতে ভালবাসি। আর হলুদ রং, আমি রাসূলুল্লাহ (সা) কে তা দিয়ে কাপড় রঙিন করতে দেখেছি, তাই আমিও তা দিয়ে রঙিন করতে ভালবাসি। আর ইহরাম, রাসূলুল্লাহ (সা) কে নিয়ে তাঁর সওয়ারি রওনা না হওয়া পর্যন্ত আমি তাঁকে ইহরাম বাঁধতে দেখিনি।

হাদিস নং- ০১৬৮

উম্মু আতিয়্যা (র) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) তাঁর কন্যা [যয়নাব (রা)] কে গোসল করানোর সময় তাঁদের বলেছিলেনঃ তোমরা তার ডানদিক এবং উযূর স্থান থেকে শুরু কর।

হাদিস নং- ০১৬৯

আয়িশা (র) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজই ডান দিক থেকে শুরু করতে ভালবাসতেন।

Make a Free Website with Yola.